বাংলাদেশে ধর্মীয় সহিংসতা নিয়ে ইউএসসিআইআরএফ-এর প্রতিবেদন বিভ্রান্তিকর: সরকার
দিগন্ত জার্নাল ডেস্ক:
মার্কিন কমিশন ইউএসসিআইআরএফের প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধর্মীয় সহিংসতার জন্য দায়ী করার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিবৃতিতে সরকার এ প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
সরকার জানিয়েছে, ইউএসসিআইআরএফের প্রতিবেদনে যে সহিংসতার কথা বলা হয়েছে, তার কোনো শক্ত প্রমাণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পর সহিংসতা বেড়েছে বলে যে দাবি করা হয়েছে, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
বাংলাদেশ পুলিশ তদন্ত করে দেখেছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ব্যক্তিগত বিরোধ, দুর্ঘটনা, সম্পত্তির দ্বন্দ্ব কিংবা আত্মহত্যার কারণে ঘটেছে, যা ধর্মীয় বিদ্বেষের সঙ্গে সম্পর্কিত নয়। এ ধরনের সহিংসতার নির্ভরযোগ্য প্রমাণ না থাকলেও ইউএসসিআইআরএফ তা তাদের প্রতিবেদনে উপস্থাপন করেছে।
সরকারের দাবি, বাংলাদেশে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। ইউএসসিআইআরএফের উচিত ছিল স্বাধীন তদন্ত পরিচালনা করা, পক্ষপাতদুষ্ট সূত্রের ওপর নির্ভর না করে।
প্রেস উইং জানায়, ইউএসসিআইআরএফ যদি যথাযথ যাচাই-বাছাই করত, তাহলে তারা বুঝতে পারত, বাংলাদেশে ধর্মীয় সহিংসতা ততটা ভয়াবহ নয়, যতটা তারা দেখিয়েছে। রাজনৈতিক অস্থিরতার কিছু ঘটনা ভুলভাবে ধর্মীয় সংঘাত হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সরকার স্পষ্ট করেছে, অন্তর্বর্তী সরকার সব ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউএসসিআইআরএফের প্রতিবেদনে এই ইতিবাচক পদক্ষেপগুলো উপেক্ষা করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।