রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বহাল, জনপ্রতি বরাদ্দ ১২ ডলার - দিগন্ত জার্নাল

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বহাল, জনপ্রতি বরাদ্দ ১২ ডলার

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক বরাদ্দ ১২ ডলার করা হবে, যা পূর্বে ছয় ডলারে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছিল। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাসানচরের রোহিঙ্গারা প্রতি মাসে ১৩ ডলার করে পাবেন, যা কক্সবাজারে থাকা শরণার্থীদের তুলনায় এক ডলার বেশি। এতদিন বরাদ্দ ছিল সাড়ে ১২ ডলার, যা এখন ৫০ সেন্ট কমানো হয়েছে।

এর আগে, ৫ মার্চ ডব্লিউএফপি তহবিল সংকটের কারণে জনপ্রতি বরাদ্দ ছয় ডলারে নামানোর ঘোষণা দেয়। তবে ১৪ মার্চ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে বিষয়টি সরাসরি জানার পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। শরণার্থী কমিশনের অতিরিক্ত কমিশনার শামস-দৌজা নয়ন জানান, ডব্লিউএফপি শেষ পর্যন্ত নিশ্চিত করেছে যে খাদ্য সহায়তা আগের মতোই থাকবে।

উখিয়ার কুতুপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে অভিহিত করেছেন, কারণ বরাদ্দ কমে গেলে রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ার সম্ভাবনা ছিল।

an adbox will go here