চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের - দিগন্ত জার্নাল

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

দিগন্ত জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের কার্যকলাপ আর বরদাশত করা হবে না। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজরা মনে করছে এটি তাদের অধিকার, কিন্তু এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। মুরাদনগরবাসীসহ সবাইকে আহ্বান জানাচ্ছি, এসব চাঁদাবাজদের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।’

সম্প্রতি কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে কয়েকজনের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘শত শহিদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেখানে এখনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘সমাজে এখনো কিছু সচেতন মানুষ আছেন যারা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারা আঘাতপ্রাপ্ত হয়েও প্রতিবাদ করেছেন, যা আমাদের গর্বের বিষয়। দেশের তরুণদের প্রতি আমার আহ্বান, যেখানে চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ করুন। স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী এ বিষয়ে কাজ করছে, সবাইকে তাদের সহযোগিতা করতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা জীবন দিয়েছেন একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। ফ্যাসিবাদী সময়ের চাঁদাবাজি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে খেলাধুলা ও শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ।

an adbox will go here