আজ চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ইউনূস - দিগন্ত জার্নাল

আজ চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ইউনূস

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে চীনে পৌঁছেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় তিনি বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সকাল ১১টা ৪৫ মিনিটে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেবেন। বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত করা এবং চীনা বিনিয়োগ আকর্ষণ করাই এ সংলাপের মূল উদ্দেশ্য।

এছাড়া, তিনি টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, ‘বাংলাদেশ ২.০: উৎপাদন ও বাজার সুযোগ’ এবং ‘সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও তিন শূন্যের বিশ্ব’—এই তিনটি বিষয়ের ওপর আয়োজিত গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এসব আলোচনায় তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসার অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধান উপদেষ্টা রাতে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন।

চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম।

an adbox will go here