ঈদযাত্রায় ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা
দিগন্ত জার্নাল ডেস্ক:
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ও সময়ানুবর্তী ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে। ঈদযাত্রার প্রথম দিন ২৪ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
অন্যদিকে, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকার শহরতলীর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে টিকিটবিহীন যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে না পারে।
নাশকতা প্রতিরোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি এবং রেলওয়ে কর্মচারীদের তৎপরতা আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যে কোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে।
এছাড়া, ঈদের আগে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী ও ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই নিয়ম বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এই পদক্ষেপগুলো নেওয়ার মূল লক্ষ্য হলো ঈদযাত্রায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা।