কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত
দিগন্ত জার্নাল ডেস্ক:
২৮ মার্চ ২০২৫, কুষ্টিয়ার সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও তার তিন বছর বয়সি ছেলে আহনা (৩)।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন জানান, মোটরসাইকেলে করে বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন সিদ্দিকী। ত্রিমোহনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়, এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সিদ্দিকী, তার স্ত্রী এবং ছেলে। ঘটনাস্থলেই প্রাণ হারান ইতি ও আহনা।
আহত সিদ্দিকীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।