ঈদযাত্রা সুবিধার্থে গাজীপুরে ১৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে চালু - দিগন্ত জার্নাল

ঈদযাত্রা সুবিধার্থে গাজীপুরে ১৮ কিলোমিটার এক্সপ্রেসওয়ে চালু

দিগন্ত জার্নাল ডেস্ক:

২৮ মার্চ ২০২৫, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেন এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক। ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন কোনো টোল ছাড়াই এক্সপ্রেস ব্যবহার করা যাবে।

চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি-রিজিড পেভমেন্ট প্রযুক্তি। যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি অধিক টেকসই হবে। রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটাই, আর জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনা থাকবে না। এই সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার চার লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। তিন হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। ইতিমধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পটির ম্যানেজার সুমন সিংহ বলেন, ‘ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়ের রাস্তাটি সাময়িকভাবে চালু করা হয়েছে।’

an adbox will go here