ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের (ডিসি) ১২ দফা নির্দেশনা দিয়েছেন। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমির নামজারি বা রেজিস্ট্রেশনসহ জনগণের সব সেবা হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে নিশ্চিত করতে হবে। ডিসিদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে এবং সরকারের স্তুতিবাক্য পরিহার করতে হবে।
পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা, জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর জেলা প্রশাসকরা নাজুক পরিস্থিতির মধ্যে ছিলেন। তাদের কাজে উদ্বুদ্ধ করতে প্রধান উপদেষ্টার এই নির্দেশনা সময়োপযোগী ও ইতিবাচক।”
চিঠিতে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার ওপর জোর দেওয়া হয়েছে। কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন পুরোপুরি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদবির ও ভয়ভীতি পরিহারের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ে ডিসিদের কার্যক্রম সরকারের নিবিড় নজরদারিতে রয়েছে।