নির্বাচন ছাড়া সরকারের অন্য কোনো কাজ নেই: আমির খসরু - দিগন্ত জার্নাল

নির্বাচন ছাড়া সরকারের অন্য কোনো কাজ নেই: আমির খসরু

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার সুরেই কথা বলছে। যেমন হাসিনা উন্নয়নের গল্প শুনিয়ে ভোটাধিকার হরণ করেছিলেন, তেমনি বর্তমান সরকারও সেই একই কৌশল অবলম্বন করছে। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই— সরি, সংস্কার করা আপনাদের দায়িত্ব না। জনগণ আপনাদের সেই দায়িত্ব দেয়নি। আপনাদের কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

শুক্রবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের মূলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আমির খসরু আরও বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা সবাইকে ধারণ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। তিনি বলেন, জনগণের মালিকানা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে এবং এর একমাত্র পথ হচ্ছে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় যুগপৎ আন্দোলন করেছে এবং সংস্কারের ৩১ দফা প্রস্তাব আগেই দিয়েছে। ভবিষ্যতে জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই উন্নয়ন ও সংস্কারের কাজ করবে। বিএনপি জাতীয় সরকার গঠন করবে, আর অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হবে নির্বাচন আয়োজন করা, এর বাইরে কিছু নয়।

an adbox will go here