বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। এ দেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে। তিনি বলেন, মাতৃভাষা আরবি না হওয়া সত্ত্বেও বাংলাদেশের শিশুরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদের পরাজিত করে সাফল্যের স্বাক্ষর রাখছে। তাদের এই অর্জনে আমাদের গর্বিত হওয়া উচিত।
শুক্রবার বিকালে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলো এ দেশের প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন। এছাড়াও বক্তব্য রাখেন কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন এবং তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম। দ্বিতীয় স্থান অধিকার করেছে ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, তৃতীয় হয়েছে নেত্রকোনার হাফেজ শোয়েবুর রহমান এবং চতুর্থ স্থান অর্জন করেছে কুমিল্লার হাফেজ আবদুল্লাহ আল সামিম।
কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল পিএইচপি ফ্যামিলি ও ইনফিনিটি মেগা মল। কো-স্পন্সর হিসেবে ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মার্ট একটিভ গোল্ড মেহেদি। পরে বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে এবং এবারের আয়োজনটি ছিল ১৭তম।