ঈদের আগে বেতন পাননি জাতীয় নারী ফুটবলাররা
দিগন্ত জার্নাল ডেস্ক:
দুদিন পরই পবিত্র ঈদুল ফিতর, অথচ এখনো বেতন পাননি জাতীয় দলের ৩৬ চুক্তিবদ্ধ নারী ফুটবলার। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস, তাই তাদের আর ঈদের আগেই বেতন পাওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
টানা দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা এই নারী ফুটবলাররা দেশকে গৌরবান্বিত করলেও এবার তারা বঞ্চিত হলেন ঈদের আনন্দ থেকে। বেতন না পাওয়ার কারণ হিসেবে ইমরান হোসেন বলেন, “চুক্তির পর তাদের ব্যাংকে হিসাব খুলতে বলা হয়েছিল। অনেকে হিসাব খোলেনি, তাই আমরা তাদের সম্মানি দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসঙ্গে দেওয়া হবে।”
গত ১০ ফেব্রুয়ারি ৩৬ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করে বাফুফে। তবে সাবিনা-কৃষ্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় তারা এই চুক্তিতে ছিলেন না। বাফুফে উঠতি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে। কিন্তু এক মাস পার হলেও এখনো তারা বেতন পাননি।
এদিকে, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। অথচ সাড়ে চার মাস পার হলেও সেই অর্থ এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফুটবলাররা বেতন না পেলেও বাফুফের স্টাফরা ঠিকই তাদের বেতন ও বোনাস পেয়েছেন।