ব্রাজিলের পরবর্তী কোচ কে? আনচেলত্তি কী বললেন - দিগন্ত জার্নাল

ব্রাজিলের পরবর্তী কোচ কে? আনচেলত্তি কী বললেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিশ্ব ফুটবলে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এখন কঠিন সময় পার করছে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। এখন বড় প্রশ্ন—ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন? সেলেসাওরা কি এমন একজন কোচ খুঁজে পাবে, যিনি দলকে সাফল্য এনে দিতে পারবেন?

বেশ কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম শোনা যাচ্ছে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে। যদিও আগেরবার তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, এবার মনে করা হচ্ছে, তিনি ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন।

তবে আনচেলত্তি নিজে কী ভাবছেন? লেগানেসের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, “আমি ব্রাজিলের প্রশংসা করি, তবে তাদের কেউ এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করেনি। ফেডারেশন বা আমি কারও সঙ্গে কথা বলিনি। আমার মনোযোগ এখন রিয়াল মাদ্রিদের দিকে। আমি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এবং শিরোপা জেতায় ফোকাস রাখছি।”

তবে ব্রাজিলের প্রতি তার টান রয়েছে উল্লেখ করে আনচেলত্তি বলেন, “ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক ভালোবাসা রয়েছে।”

ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে কোচ হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আনচেলত্তি বলেন, “আমাদের অনেক বিষয়ে কথা হয়েছে, তবে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

এখন দেখার বিষয়, আনচেলত্তি না হলে ব্রাজিলের দায়িত্ব কে নেন এবং সেলেসাওরা আবারও তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারে কি না।

an adbox will go here