কঠিন চাপে পাকিস্তান, নিউজিল্যান্ডের বড় লক্ষ্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে প্রথম ম্যাচেই কঠিন চাপে পড়েছে দলটি। ন্যাপিয়ারে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম দিকে ভালো শুরু পেলেও শেষ পর্যন্ত রানের পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
প্রথমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল নিউজিল্যান্ড। তবে এরপর চাপম্যান ও ড্যারিল মিচেলের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ২৪৯ রান। মিচেল ৮৪ বলে ৭৪ রান করে ফিরলেও চাপম্যান তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১১১ বলে ১৩২ রান করে তিনি সাজঘরে ফেরেন।
শেষদিকে পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদ আব্বাস ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ২৬ বলে ৩ ছক্কা ও ৩ চারে করেন ৫২ রান। তার বিধ্বংসী ইনিংসেই ৩৪৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের জন্য এটি টপকানো সহজ হবে না বলেই মনে হচ্ছে।