হবিগঞ্জে চুরির অপবাদে এতিম শিশুকে নির্যাতন, অভিযুক্ত নূরুল হক আটক - দিগন্ত জার্নাল

হবিগঞ্জে চুরির অপবাদে এতিম শিশুকে নির্যাতন, অভিযুক্ত নূরুল হক আটক

দিগন্ত জার্নাল ডেস্ক:

হবিগঞ্জের ইসলামিয়া এতিমখানার এক শিক্ষার্থীকে চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সদস্য নূরুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে ঘেরাও করলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

শুক্রবার সকালে শহরের রাজনগর এলাকায় ইসলামিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসান ও তার কয়েকজন সহপাঠী পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে ঘুড়ি উড়াতে যায়। সেখানে নাঈম একটি বেল্ট কুড়িয়ে নিতে গেলে এক নির্মাণ শ্রমিক তাকে চুরির অভিযোগে আটক করে। এরপর ভবনের মালিক ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য নূরুল হক ও জসিম শিশুটিকে ধরে খুঁটিতে বেঁধে প্রায় তিন ঘণ্টা ধরে মারধর করেন।

দুপুরে শিশুটিকে এতিমখানায় ফেরত দেওয়া হলে সহপাঠীরা তাকে কাঁদতে দেখে ঘটনাটি স্থানীয়দের জানায়। সন্ধ্যায় বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত নূরুল হককে ঘেরাও করে। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, অভিযুক্ত নূরুল হককে আটক করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় শুক্রবার রাত ১০টায় এতিমখানার পরিচালনা কমিটি জরুরি সভায় বসে এবং সর্বসম্মতিক্রমে নূরুল হকের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয় বলে জানিয়েছেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।

an adbox will go here