ফ্যাসিস্ট হাসিনা, ধামরাই থানার ওসিসহ ৯শ জনের বিরুদ্ধে মামলা - দিগন্ত জার্নাল

ফ্যাসিস্ট হাসিনা, ধামরাই থানার ওসিসহ ৯শ জনের বিরুদ্ধে মামলা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধামরাই থানার তৎকালীন ওসি সিরাজুল ইসলাম শেখসহ ৯০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ ২০২৫) ধামরাই থানায় এ মামলা দায়ের করেন আন্দোলনে গুলিবিদ্ধ শরিফুল ইসলাম সুজন (২৮)।

মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীরা।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে অনেকে আহত হন, যার মধ্যে বাদী সুজনের বাম হাতের কবজিতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

বাদী সুজন জানান, তিনি বহুবার চেষ্টা করেও মামলা করতে ব্যর্থ হন। বিএনপির কতিপয় নেতাকর্মী তাকে মামলা করা থেকে বিরত রাখেন। তবে শেষমেষ বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি মামলা করার সুযোগ পান।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ধামরাই থানায় চারটি মামলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

an adbox will go here