রমজানের শেষ দিকে বাড়ল ব্রয়লার মুরগি ও সবজির দাম কমেনি - দিগন্ত জার্নাল

রমজানের শেষ দিকে বাড়ল ব্রয়লার মুরগি ও সবজির দাম কমেনি

দিগন্ত জার্নাল ডেস্ক:

রমজানের শুরুতে বাজার স্বাভাবিক থাকলেও শেষ দিকে এসে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে ৪০ টাকা বেড়ে এখন ২২৫ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। খামারিরা জানান, মুরগির বাচ্চার দাম ও খাদ্যের ব্যয় বৃদ্ধির পাশাপাশি সরবরাহ কমিয়ে দেওয়ায় এ দাম বৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দাম ১৭৫ টাকা থাকলেও তা ১৮৫ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে ২০ টাকা বেশি।

সব ধরনের সবজির দামও বেড়েছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলাসহ বিভিন্ন সবজি ৫০-৬০ টাকায়, পটোল-ঢেঁড়স ৮০-১০০ টাকায়, করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও রুই, কাতলা, কালিবাউশসহ বেশ কয়েকটি মাছের দাম চড়া রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শবেকদর ও ঈদ উপলক্ষে মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ায় দফায় দফায় দাম বাড়ানো হচ্ছে। তবে, প্রশাসনের কঠোর নজরদারি ও সরবরাহ বৃদ্ধির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

an adbox will go here