বাংলাদেশে ভূমিকম্পের শঙ্কা, সতর্ক থাকার আহ্বান ফায়ার সার্ভিসের
দিগন্ত জার্নাল ডেস্ক:
মিয়ানমার ও থাইল্যান্ডে সম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের পর বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ) সংস্থাটির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কয়েকটি জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে:
১) ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ: বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসারে নির্মাণ কার্যক্রম নিশ্চিত করা।
২) ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার: পুরোনো ও দুর্বল ভবনগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া।
৩) অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার: সব বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি নির্বাপণ সরঞ্জাম রাখার নির্দেশনা।
৪) ইউটিলিটি লাইনের নিরাপত্তা: গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন নিয়মিত পরীক্ষা ও নিরাপদ রাখা।
5) ভূমিকম্প প্রতিক্রিয়া মহড়া: ব্যক্তি ও প্রতিষ্ঠানের পর্যায়ে নিয়মিত মহড়া পরিচালনা ও প্রচার নিশ্চিত করা।
৬) জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ: ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ ও হাসপাতালের নম্বর দৃশ্যমান স্থানে রাখা।
৭) ভলানটিয়ার প্রশিক্ষণ: দুর্যোগকালীন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ গ্রহণ।
৮) জরুরি সরঞ্জাম সংরক্ষণ: টর্চলাইট, ব্যাটারি, বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও ফার্স্ট এইড বক্স নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা।
৯) সরকারি সংস্থাগুলোর কার্যক্রমে সহযোগিতা: ভূমিকম্প মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন (১০২) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।