রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনে আদায় করবেন, তবে প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কোনো বাহিরাগত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।