ঈদের নামাজের নিয়ম ও সুন্নত - দিগন্ত জার্নাল

ঈদের নামাজের নিয়ম ও সুন্নত

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঈদের নামাজ দুই রাকাত। নিয়ত করে তাকবিরে তাহরীমা বলে নামাজ শুরু করে ছানা পড়তে হবে। এরপর তিনবার অতিরিক্ত তাকবির বলতে হবে। প্রথম দুই তাকবিরে কানের লতি পর্যন্ত হাত তুলে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত তুলে বেঁধে নিতে হবে। তারপর সূরা-ফাতিহা ও কেরাত পড়ে যথারীতি রুকুতে যেতে হবে।

দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা-কেরাত পড়ার পর রুকুর আগে আগের নিয়মে তিনটি তাকবির বলবে, তবে তৃতীয় তাকবিরেও হাত না বেঁধে ছেড়ে দিতে হবে। অতঃপর চতুর্থ তাকবির বলে রুকুতে যাবে এবং নামাজ যথানিয়মে সম্পন্ন করবে।

ঈদের নামাজের কেরাত: প্রথম রাকাতে ‘সূরা আ‘লা’ এবং দ্বিতীয় রাকাতে ‘সূরা গাশিয়াহ’ পড়া সুন্নত। অন্যথায় প্রথম রাকাতে ‘সূরা কফ’ ও দ্বিতীয় রাকাতে ‘সূরা কমার’ পড়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়তেন বলে হাদিসে এসেছে। তবে অন্য যে কোনো সূরাও পড়া যায়।

কেরাত উচ্চৈঃস্বরে পড়ার বিধান: ঈদের নামাজে কেরাত উচ্চৈঃস্বরে পড়া ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ঈদ ও ইস্তেসকার নামাজে উচ্চস্বরে কেরাত পড়তেন। তাই ইমাম উভয় রাকাতেই কেরাত উচ্চস্বরে পড়বেন।

রুকুর তাকবির: ঈদের দ্বিতীয় রাকাতে রুকুর তাকবির অন্যান্য নামাজের রুকুর তাকবিরের মতোই সুন্নত।

an adbox will go here