ঈদের পর রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঈদের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্রিয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ প্রতিযোগিতা রাজনৈতিক অঙ্গনে নতুন সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
বিএনপি দ্রুত নির্বাচন চায়, জামায়াত প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায়, আর এনসিপি গণপরিষদ নির্বাচন চায়। এসব ইস্যুতে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার সংস্কার বাস্তবায়নে কিছুটা সময় নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিএনপি ঈদের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি বাড়াবে এবং সমাবেশের মাধ্যমে আন্দোলন জোরদার করবে। জামায়াতও পুনর্গঠনের মাধ্যমে সংগঠন বিস্তারের পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে, ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা এনসিপি তৃণমূলে কমিটি গঠনের কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে যাচ্ছে।
গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে গেছে। দীর্ঘ ১৬ বছর পর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবার ঈদ উদযাপনে স্বস্তির আবহ খুঁজে পাচ্ছেন। এনসিপির নেতাকর্মীরাও ঈদের ছুটিতে প্রচারের ভালো সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে ঈদের ছুটিতে রাজনৈতিক আলোচনা আরও জমে উঠতে পারে। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত দুটি শব্দ হলো ‘সংস্কার’ এবং ‘নির্বাচন’।