ঈদের ছুটিতে অস্থিতিশীলতা রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরাজিত শক্তি ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার লন্ডন থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, এবারের ঈদ বাংলাদেশের জনগণের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ ১৭ বছর পর জনগণ স্বৈরাচারমুক্ত একটি স্বাধীন পরিবেশে ঈদ উদযাপন করছে। তিনি ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহীদদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন।
তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে অনাথ, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদে যাত্রীদের ওপর বাড়তি ভাড়া যেন চাপিয়ে না দেওয়া হয়, যাতে তারা নির্বিঘ্নে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।
তারেক রহমান বলেন, যারা দেশের শান্তি বিঘ্নিত করতে চায়, তারা যেন ঈদের ছুটিকে কাজে লাগাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
পরিশেষে, তিনি প্রার্থনা করেন, এই ঈদ হোক বাংলাদেশে শান্তি, ঐক্য ও সমৃদ্ধির প্রতীক।