সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে বেড়িবাঁধ ভাঙন, ঈদের আনন্দে বিষাদ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে সোমবার ঈদের দিন সকালে বেড়িবাঁধ ভাঙনের ঘটনা ঘটে। সকাল পৌনে ৯টার দিকে পাউবো বিভাগের ৭/২ পোল্ডারের বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছে খোলপেটুয়া নদীর গর্ভে প্রায় ১৫০ ফুট এলাকা বিলীন হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। মসজিদের মাইকে দ্রুত সবাইকে বেড়িবাঁধের ভাঙন স্থলে যেতে বলা হয়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করছেন।
বিছট গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নজরুল ইসলাম বলেন, “সকালে আমরা সবাই ঈদের নামাজ আদায় করছিলাম, পরে জানতে পারলাম যে বেড়িবাঁধের প্রায় ১৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা দ্রুত স্থানীয়দের জানিয়ে ভাঙন পয়েন্টে গিয়ে বিকল্প রিংবাঁধ তৈরি করার চেষ্টা করছি।”
আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, তিনি বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছেন।
সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, “ভাঙনের খবরে আমরা সেখানে লোক পাঠিয়েছি। স্থানীয়রা কাজ করছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”