ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে ২.৫ লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৭ কোটি টাকা
দিগন্ত জার্নাল ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহে টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকার টোল আদায় হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২৪ থেকে ৩০ মার্চ প্রতিদিন গড়ে ৩৫ হাজারের বেশি যানবাহন যমুনা সেতু অতিক্রম করেছে। এর মধ্যে ২৮ ও ২৯ মার্চ যানবাহনের চাপ সবচেয়ে বেশি ছিল, যেখানে প্রতিদিন প্রায় ৪৫ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে।
ঈদযাত্রার শেষদিন রোববার (৩০ মার্চ) ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়, যেখানে ২ কোটি ২৫ লাখ ২৬ হাজার ৬৩৮ টাকা টোল আদায় হয়।
যমুনা সেতু দিয়ে বিপুলসংখ্যক যান চলাচলের মধ্য দিয়ে দেশের অন্যতম ব্যস্ত সেতুটি ঈদযাত্রার গুরুত্বপূর্ণ রুট হিসেবে প্রমাণ করেছে।