পাকিস্তানে আমন্ত্রিত রুনা লায়লা, সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী শাহবাজ শরিফ - দিগন্ত জার্নাল

পাকিস্তানে আমন্ত্রিত রুনা লায়লা, সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী শাহবাজ শরিফ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ আমন্ত্রণ জানান।

শাহবাজ শরিফ তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানান, বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লাকে পাকিস্তানে স্বাগত জানাতে চান তিনি। একই সঙ্গে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

টেলিফোন সংলাপে দুই দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে।

এদিকে, আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে আসবেন বলে জানান শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্যও আমন্ত্রণ জানান।

an adbox will go here