ঈদের বার্তা: শান্তি, ঐক্য ও সমঝোতার আহ্বান প্রধান উপদেষ্টার
দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঈদের বাণী হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। তিনি বলেন, “আজকের দিন আমরা প্রতিদিন স্মরণ করি, আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ ভয় বা ভীতির মধ্যে না থেকে স্বাধীনভাবে চলতে পারে। আমরা সবার মঙ্গল কামনা করি, জাতি ও বিশ্বব্যাপী শান্তি চাই।”
সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা একে অপরের প্রতি সৌহার্দ্য ও সহমর্মিতার মনোভাব রাখব, দূরত্ব কমিয়ে আনব—এতেই সমাজের মঙ্গল।”
ঈদ উপলক্ষে একত্রিত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার অবস্থা এমন যে, কারও সঙ্গে দেখা করাই কঠিন হয়ে ওঠে, কিন্তু আজকের দিনে আপনাদের সঙ্গে দেখা করতে পারছি, এটাই বড় আনন্দের। ঈদ মানে কোলাকুলি, একে অপরকে আপন করে নেওয়া। আমরা যদি সত্যিকার অর্থে পরস্পরের প্রতি সহনশীলতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, যা আমাদের এই সময়ে বিশেষভাবে জরুরি।”
তিনি আরও বলেন, “সমাজের মঙ্গল যেন আমরা আগ্রহসহকারে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি, চারদিকে ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আজকের এই মিলনমেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের দিকে এগিয়ে যাব।”