তিনটি এজেন্ডা নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম - দিগন্ত জার্নাল

তিনটি এজেন্ডা নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম

দিগন্ত জার্নাল ডেস্ক:

১ এপ্রিল ২০২৫, তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা— বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন— সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এবারের ঈদ কয়েকটি দিক থেকে আলাদা। প্রথমত, দেশবাসী স্বৈরাচারমুক্ত প্রথম ঈদ পালন করছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য একটি ইতিবাচক দিক। তিনি আশা প্রকাশ করেন যে, এই সম্প্রীতি সারা বছর বহাল থাকবে। তবে অনেক শহিদ পরিবার তাদের প্রিয়জনদের ছাড়া ঈদ পালন করছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের। তিনি জানান, এনসিপি এসব পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

তিনটি এজেন্ডার বিষয়ে তিনি বলেন, “আমরা বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে এগোচ্ছি। এর মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা সারা দেশ সফর করব এবং জনমত গঠনের মাধ্যমে আমাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করব।”

তিনি আরও জানান, এনসিপি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বেগবান করবে এবং জনগণের দাবি আদায়ে সচেষ্ট থাকবে।

an adbox will go here