যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জন নিহত - দিগন্ত জার্নাল

যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জন নিহত

দিগন্ত জার্নাল ডেস্ক:

১ এপ্রিল ২০২৫, যশোর সদর উপজেলার বিরামপুরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অলিদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিলেন। এ সময় অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী সেখান দিয়ে যাচ্ছিলেন। তারা অভিযোগ করেন, বাজির আগুন তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারধর ও ছুরিকাঘাত করে।

সংবাদ পেয়ে আপনের পিতা রিপন আলী ঘটনাস্থলে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। সংঘর্ষের একপর্যায়ে অলিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় অলিদের মৃত্যু হয়। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর আপন, রিপন আলী ও শামীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

an adbox will go here