নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত বাবা-মা ঢাকা মেডিক্যালে - দিগন্ত জার্নাল

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, আহত বাবা-মা ঢাকা মেডিক্যালে

দিগন্ত জার্নাল ডেস্ক:

নরসিংদীর পলাশে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের বাঁচাতে গিয়ে বাবা-মাও গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিব মিয়াকে (২০) মৃত ঘোষণা করেন। তার ভাই রাকিবকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। আহত বাবা আশ্রাফ উদ্দিন ও মা রাবেয়া খাতুনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের স্বজনদের দাবি, আশ্রাফ উদ্দিন ও তার ছেলে রাকিব বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছিল। কিন্তু তারা রাজি না হওয়ায় ঈদের দিন দুর্বৃত্তরা সাকিব ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে রাকিব ও তার বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় নিহতদের চাচি হাজেরা বেগম বলেন, “চাঁদা না দেওয়ায় আমার দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।”

এ বিষয়ে পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, “চোর সন্দেহে স্থানীয়রা গনপিটুনি দিয়েছে বলে শুনেছি। তবে ঘটনার বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

an adbox will go here