নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ও উদ্বেগজনক: প্রধান উপদেষ্টার প্রেস উইং - দিগন্ত জার্নাল

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ও উদ্বেগজনক: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে “উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর” বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সিএ প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনটি বাংলাদেশের বাস্তব চিত্রকে ভুলভাবে উপস্থাপন করেছে এবং দেশটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে অতিসরলীকৃত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার দ্বারপ্রান্তে, যা সত্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এটি কেবল ১৮ কোটি মানুষের দেশকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকি তৈরি করে না, বরং দেশের সামগ্রিক অগ্রগতিকে অগ্রাহ্য করে। প্রেস উইং জানায়, বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ সামাজিক অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় সহিংসতার মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সমর্থন আদায়ের চেষ্টা করলেও এটিকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের সুরক্ষা ও সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চরমপন্থা মোকাবিলা করছে।

প্রেস উইং দাবি করেছে, বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া উচিত এবং সুনির্দিষ্টভাবে উসকানিমূলক নিবন্ধের ওপর নির্ভর না করে দেশের প্রকৃত চিত্র তুলে ধরা প্রয়োজন।

an adbox will go here