মিয়ানমারে ভূমিকম্প: উদ্ধারকাজে বাংলাদেশের ফায়ার সার্ভিস
দিগন্ত জার্নাল ডেস্ক:
মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল মঙ্গলবার বিশেষ বিমানযোগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ত্যাগ করে।
উদ্ধারকারী দলের নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এ দলে তিনজন অফিসার ও সাতজন ফায়ারফাইটার রয়েছেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল।