মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল বাংলাদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। সহায়তার মধ্যে রয়েছে এক টন হাইজিন কিট, আট টন শুকনা খাবার, দুই দশমিক পাঁচ টন পানি, চার টন ওষুধ, এক টন হাইজিন পণ্য ও দেড় টন ত্রাণ তাঁবু।
মঙ্গলবার কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর তিনটি পরিবহণ বিমানের মাধ্যমে জরুরি ওষুধ এবং ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানে এই সহায়তা পাঠানো হয়েছে। ৩৭ সদস্যসহ মোট ৫৫ জন উদ্ধারকারী ও চিকিৎসককে মিয়ানমারে পাঠানো হয়েছে জরুরি উদ্ধার কার্যক্রম ও সহায়তার জন্য।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিআরসিএসের উপমহাসচিব সুলতান আহমেদ, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, কর্নেল শফিকসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।