জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা - দিগন্ত জার্নাল

জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, ২ এপ্রিল ২০২৫: অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদ শুভেচ্ছা ও পুনর্মিলনী উপলক্ষে থানা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় নিরীহ মানুষকে জড়ানো হচ্ছে—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এটি সত্য, অনেক নিরীহ ব্যক্তির নাম মামলা তালিকায় চলে এসেছে, এমনকি যাদের নাম এজাহারে নেই, তারাও মামলার শিকার হয়েছেন। আবার এমনও অনেকে আছেন, যাদের নাম আছে কিন্তু প্রকৃতপক্ষে তারা জড়িত নন, এমনকি কেউ কেউ তখন দেশের বাইরেও ছিলেন।”

তিনি আরও জানান, সঠিক তদন্তের মাধ্যমে যাতে নিরীহ কেউ সাজা না পায়, সেজন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে, অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

এ সময় তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং থানাগুলোকে নিজস্ব ভবনে স্থানান্তরের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

an adbox will go here