বিমসটেক সম্মেলনে বৈঠক হতে পারে ড. ইউনুস এবং মোদীর
দিগন্ত জার্নাল ডেস্ক:
বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককের উদ্দেশে রওনা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে সব সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে করণীয় বিষয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “বৈঠকের একটি শিডিউল চাওয়া হয়েছে, এবং বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এটি তাদের প্রথম বিদেশ সফর। সম্মেলনের পর শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।
বিমসটেকের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। এবারের সম্মেলন থেকেই বাংলাদেশ বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।
সম্প্রতি চীন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, যেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সফরে বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।