ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীর নিন্দা জানাল জামায়াত - দিগন্ত জার্নাল

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনীর নিন্দা জানাল জামায়াত

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, ৩ এপ্রিল ২০২৫: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক বহনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল না। কিন্তু এবারের ঈদ সবার মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদযাপন আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে। তবে ঢাকায় ঈদ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক বহন আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।”

তিনি আরও বলেন, “ইসলাম ধর্মে মূর্তি, প্রতিমা বা দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি নেই। ইসলামের ইতিহাসে রাসুল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফাদের সময়ে ঈদ উদযাপনে এমন কোনো নজির নেই।”

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের পবিত্রতা রক্ষায় এমন আয়োজন ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সংশ্লিষ্টদের সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাই।”

an adbox will go here