ফিলিস্তিনি ইস্যু এটি প্রতিটি বিপ্লবীর সমস্যা: উমামা ফাতেমা
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ৩ এপ্রিল ২০২৫: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে গাসান কানাফানির বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, “ফিলিস্তিনি ইস্যু কেবল ফিলিস্তিনিদের সমস্যা নয়, এটি প্রতিটি বিপ্লবীর সমস্যা।”
তিনি উল্লেখ করেন, “জুলাইয়ের আন্দোলনে আমরা গাসান কানাফানির ‘তলোয়ার ও গলার মধ্যে কোনো শান্তি আলোচনা হয় না’ কথায় অনুপ্রাণিত হয়েছিলাম।”
তার স্ট্যাটাসে তিনি ইসরাইলের দখলদারিত্বের নৃশংসতা এবং আধুনিক সাম্রাজ্যবাদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “যদি ফিলিস্তিনি নারী ও শিশুদের দুর্ভোগ আপনাকে স্পর্শ না করে, কিন্তু ৭ অক্টোবরের বন্দিদের জন্য ‘মিথ্যা অশ্রু’ ঝরাতে পিছপা না হন, তবে সেটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।”
উমামা ফাতেমা আরও বলেন, “আমি যখন জুলাইয়ে লড়াই করেছিলাম, তখন সেটি শুধুই শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না। আমি ফিলিস্তিনের ‘ইন্তিফাদা’কে স্মরণ করেছিলাম—যেখানে নিরস্ত্র মানুষ উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশেও তাই ঘটেছিল।”
তিনি জোর দিয়ে বলেন, “যদি আমরা অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে চাই, তবে ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটানো যাবে না।”
এছাড়াও, তিনি তার জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্য নিয়ে ওঠা অভিযোগের জবাবে বলেন, “আমি জনপ্রিয়তা চাইলে আরও সহজ পথ বেছে নিতে পারতাম। বরং আমি নৈতিকতা বজায় রেখে সম্মানজনকভাবে সামনে এগিয়ে যেতে চাই।”
উমামা ফাতেমা তার বক্তব্যের শেষে গাসান কানাফানির উদ্ধৃতি দিয়ে বলেন, “ফিলিস্তিনি ইস্যু আমাদের সময়ের শোষিত ও নিপীড়িত জনগণের সংগ্রাম। সত্যিকারের পরিবর্তন চাইলে আমাদের মর্যাদাবান হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।”