বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রধান বক্তা ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় ‘বিমসটেক ইয়ং জেন ফোরাম : হয়ার দ্য ফিউচার মিটস’ অনুষ্ঠানে তিনি বক্তব্য শুরু করেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো ‘ফিউচার রেডি বিমসটেক : রোল অব দ্য ইয়ং জেন টুওয়ার্ডস প্রো বিমসটেক’। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ড. ইউনূস ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওয়ানা দেন।
সম্মেলনের প্রথম দিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দিচ্ছেন এবং আগামীকাল মূল সম্মেলনে বক্তব্য রাখবেন। পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর প্রসঙ্গে তার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বুধবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে—
১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন
২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
৩. নিরাপত্তা
৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা
৫. জনগণের মধ্যে সংযোগ
৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন
৭. কানেক্টিভিটি
ড. খলিলুর রহমান আরও জানান, ড. ইউনূস বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।