বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ইউনূস ও মোদির বৈঠক
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে শহরের সাংগ্রিলা হোটেলে শুরু হয় দুই নেতার এই বহুল প্রত্যাশিত বৈঠক।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির এটিই প্রথম বৈঠক। যদিও বৈঠকটি আনুষ্ঠানিক নয়, তবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এর আগের দিন, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার প্রথম দেখা হয়। সেখানে তারা একে অপরের কুশলাদি বিনিময় করেন এবং কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথোপকথনেও অংশ নেন।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেক-এর শীর্ষ সম্মেলন উপলক্ষে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে অবস্থান করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এরই অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের এই শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এই বৈঠক।