ভোটের অধিকার এখনো নিশ্চিত হয়নি, আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা - দিগন্ত জার্নাল

ভোটের অধিকার এখনো নিশ্চিত হয়নি, আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি।” শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “এখন বলা হচ্ছে বিএনপি কথায় কথায় নির্বাচন নির্বাচন করে। করবেই তো, বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল। নির্বাচন ছাড়া কেউ যদি শাসনক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরতে চায়, তা জনগণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “১৫ বছর আগে যারা ভোটার হয়েছিল, তারা এখনো ভোট দিতে পারেনি। তারা অধীর আগ্রহে ভোট দেওয়ার সুযোগের অপেক্ষায় আছে। দ্রুত সময়ের মধ্যে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে রুমিন বলেন, “স্বার্থান্বেষী কিছু নেতা তাদের ব্যক্তিগত স্বার্থে দল থেকে অন্যদের বহিষ্কারের নাটক করছে, হু’ম’কি দিচ্ছে— যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। জনগণ জানে, কারা আন্দোলন করেছে, কারা মিটিং-মিছিল করেছে, কারা রক্তচক্ষুকে উপেক্ষা করে টকশোতে সত্য কথা বলেছে।”

লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি মো. জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী প্রমুখ।

an adbox will go here