গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার,৭ এপ্রিল ২০২৫ || গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ।

৭ এপ্রিল সোমবার গাজায় ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজনের ঘোষণা দিয়েছেন।

জাতীয়তাবাদী ছাত্রদলও গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তারা ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবী, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গাজায় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়া, ঢাবির বিভিন্ন বিভাগ, হল, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকেও এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরাও গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

এছাড়াও, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একই কর্মসূচি গ্রহণ করেছেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী ভারত সরকারের মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও মুসলমানদের উপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৭ এপ্রিল গাজাবাসীরা বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের সবাইকে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন।

an adbox will go here