গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ৮ এপ্রিল কর্মসূচি ঘোষণা: ছাত্রদল - দিগন্ত জার্নাল

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ৮ এপ্রিল কর্মসূচি ঘোষণা: ছাত্রদল

দিগন্ত জার্নাল ডেস্ক:


সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে আগামীকাল ৮ এপ্রিল মঙ্গলবার সারাদেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গাজা ও রাফায় চলমান ইসরায়েলি হামলায় হাজারো নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও হত্যা করতে দ্বিধা করছে না অবৈধ দখলদার বাহিনী। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, যেন গাজার চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায় ইসরায়েল। অথচ আন্তর্জাতিক বিশ্ব এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে—এটি অত্যন্ত লজ্জাজনক ও পরিতাপজনক।

তাঁরা বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানবতাবিরোধী এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণও চরম অমানবিক। ছাত্রদল শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে এবং বিশ্বব্যাপী ঘোষিত ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানাচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে অবস্থান নেবে এবং দুপুর ১২টায় শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সম্মিলিত বিক্ষোভ সমাবেশে অংশ নেবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দেশের সব ছাত্র ও সচেতন নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

an adbox will go here