গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লাস-পরীক্ষা’ বন্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলা নির্বিচারে ফিলিস্তিনী মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোতে এ কর্মসূচি ব্যাপকভাবে পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এবং এ সময় সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ও একই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি সমাবেশ আয়োজন করেছে। এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
রাজধানী ঢাকার স্কুল ও কলেজগুলোতেও আজ ক্লাস বন্ধ রয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়নি। মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ কোনো ক্লাস হচ্ছে না। এখানে কিছু শিক্ষার্থী এসে ফিলিস্তিনের বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ সকালে শিক্ষার্থী, জনতা এবং শিশু-কিশোররা ইসরাইলবিরোধী স্লোগান দিতে দেখা গেছে এবং অনেকেই ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন। বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে, এবং ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
এছাড়া, গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়েও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।