নির্বাচন নিয়ে আলোচনা, প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি:
দিগন্ত জার্নাল ডেস্ক :
বুধবার, ৯ এপ্রিল ২০২৫ || ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছে বিএনপি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে একটি নির্দিষ্ট রোডম্যাপ অত্যন্ত জরুরি। আমরা সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছি। আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।”
সংবিধান নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন বলেন, “আমরা রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। এজন্য বিএনপি ১৫তম সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পক্ষে। তবে ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে আমরা কোনো প্রস্তাব দেইনি। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।”
এছাড়া তিনি দাবি করেন, বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষেও নয়। বরং দলটি চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন, ফিলিস্তিন সংকট নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি এবং নির্বাচনি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। দলটি মনে করে, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমেই রাজনৈতিক অনিশ্চয়তা নিরসন সম্ভব।