পহেলা বৈশাখে ৩ দফা কর্মসূচি ঘোষণা করলেন মুহিব খান - দিগন্ত জার্নাল

পহেলা বৈশাখে ৩ দফা কর্মসূচি ঘোষণা করলেন মুহিব খান

নিজস্ব প্রতিবেদক | দিগন্ত জার্নাল

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ || পহেলা বৈশাখ উপলক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও সর্বজনীন নববর্ষ উদযাপনের লক্ষ্যে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি “জাগ্রত কবি মুহিব খান” এই কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে মুহিব খান বলেন, “আমরা বাঙালি। বাংলা সন ও নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, গৌরব এবং সংস্কৃতির অংশ। পহেলা বৈশাখে বাংলার কৃষক তাদের কষ্টার্জিত ফসল ঘরে তোলে, ব্যবসায়ীরা বার্ষিক হিসাব গুছিয়ে নেয় এবং সর্বস্তরের মানুষ উৎসবে অংশ নেয়।”

তিনি জানান, নববর্ষ উদযাপন আবহমান বাংলায় সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এক সর্বজনীন উৎসবে পরিণত হলেও, ৯০ দশক থেকে একটি কুচক্রী মহল বিজাতীয় ও আপত্তিকর সংস্কৃতি চাপিয়ে দিয়ে এ উৎসবকে কলুষিত করছে। রাষ্ট্রীয় আনুকূল্য ও গণমাধ্যমের অসচেতন সমর্থনে এসব অপসংস্কৃতির প্রসার ঘটছে, যা বাঙালির চেতনার পরিপন্থী।

এই প্রেক্ষাপটে, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আগামী ১৪ এপ্রিল ২০২৫, পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপনে তিনটি কর্মসূচি ঘোষণা করেছে:

কর্মসূচি ১: সকাল ৯টায় পল্টনের মুক্তাঙ্গন থেকে ‘বাংলা নবযাত্রা ১৪৩২’ শীর্ষক এক বর্ণাঢ্য গণর‍্যালি বের হবে। র‍্যালিটি জাতীয় প্রেসক্লাব, ঈদগাহ, সুপ্রিম কোর্ট মোড় ঘুরে শিল্পকলা একাডেমি সংলগ্ন জাতীয় মৎস্য ভবন সড়কে গিয়ে শেষ হবে।

কর্মসূচি ২: দুপুর ১২টায় ঐতিহ্যবাহী ‘বাঙালি মেজবান’ অনুষ্ঠিত হবে। দেশি চালের ভাত, গরুর তরকারি ও দেশীয় মিষ্টান্ন পরিবেশন করা হবে, যাতে নির্দিষ্ট শৃঙ্খলায় সকলেই অংশ নিতে পারবেন।

কর্মসূচি ৩: বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ‘বাংলা সাংস্কৃতিক উৎসব’ নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে থাকবে দেশীয় সংগীত, কবিতা এবং ঐতিহ্যভিত্তিক আলোচনা।

সংবাদ সম্মেলনে কবি মুহিব খান দেশবাসীকে স্বানন্দ চিত্তে, প্রফুল্ল মনে ও শালীন পোশাকে পরিবার ও বন্ধুদের নিয়ে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। একইসাথে সংবাদকর্মীদের প্রতিটি মুহূর্ত ধারন ও প্রচারে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, “আসুন, আমরা আমাদের প্রাণের বাংলা নববর্ষকে বিজাতীয় কুপ্রভাব ও কুসংস্কারমুক্ত করে এক স্বদেশী, সর্বজনীন এবং পরিচ্ছন্ন আবহে উদযাপন করি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমদ ফেরদাউস, সহ-সভাপতি শাঈখ মুহাম্মদ উছমান গনি, সাধারণ সম্পাদক কাউসার আহমদ সুহাইল, মুফতি ইমরানুল বারী সিরাজী, আনাস রওশন, ইয়াসিন হায়দার, মাইনুদ্দিন ওয়াদুদ, হাসিব আর রহমান, রায়হানুল কাবির, আজহারুল ইসলাম নোমানী, আব্দুল হান্নানসহ অনেকে।

– দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে
www.digantajournal.com

an adbox will go here