ঢাকায় ‘মার্চ ফর গাজা’: সর্বস্তরের মানুষের সংহতি আজ বিকেলে
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ||গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে একের পর এক প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এটি হবে ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে এযাবৎকালের সবচেয়ে বড় জনসমাবেশ।
‘মার্চ ফর গাজা’-য় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, দুপুর ২টায় রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে অংশগ্রহণকারীরা রওনা হয়ে বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। ১ নম্বর পয়েন্ট বাংলামোটর, যেখান থেকে শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে উদ্যানে প্রবেশ করা হবে। ২ নম্বর পয়েন্ট কাকরাইল মোড়, সেখান থেকে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে প্রবেশ। ৩ নম্বর জিরো পয়েন্ট, অংশগ্রহণকারীরা দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে উদ্যানে আসবেন। ৪ নম্বর বকশীবাজার মোড়, শহীদ মিনার হয়ে টিএসসি গেট। ৫ নম্বর পয়েন্ট নীলক্ষেত মোড়, ভিসি চত্বর হয়ে অংশগ্রহণকারীরা টিএসসি গেট দিয়ে প্রবেশ করবেন।
বিশেষ নির্দেশনায় জানানো হয়, কর্মসূচির দিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। তবে পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা উন্মুক্ত থাকবে এবং তাদের জন্য পর্যাপ্ত সহযোগিতার ব্যবস্থাও থাকবে। অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে পানি, ছাতা, মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে রাজনৈতিক প্রতীকের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের অনুরোধ জানানো হয়েছে।
এই মার্চকে কেন্দ্র করে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে দেশবরেণ্য আলেম, সেলিব্রেটি ও বিশিষ্টজনদের ভিডিও বার্তা শেয়ার করা হচ্ছে। এতে বক্তব্য রেখেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় ক্রিকেট দলের তারকা মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে নিজেসহ ১৪ জনের ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং লিখেছেন, “আগামী শনিবার ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে। স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ।”
অন্যদিকে শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী ও মাহমুদউল্লাহ রিয়াদও নিজেদের ফেসবুক পেজে কর্মসূচির প্রচারণা চালিয়েছেন। আজহারী বলেন, “১২ এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে।”
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সব ধর্ম, মত, শ্রেণি ও শ্রেণির মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।