ফ্যাস্টিস্ট হাসিনার মুখাবয়ব পোড়ানো: দায়ীদের আইনি হুঁশিয়ারি ফারুকীর - দিগন্ত জার্নাল

ফ্যাস্টিস্ট হাসিনার মুখাবয়ব পোড়ানো: দায়ীদের আইনি হুঁশিয়ারি ফারুকীর

দিগন্ত জার্নাল ডেস্ক:

১২ এপ্রিল ২০২৫, শনিবার, ঢাকা – বর্ষবরণ উৎসবের প্রাক্কালে চারুকলার তৈরি ‘ফ্যাস্টিস্ট হাসিনার’ মুখাবয়ব পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এই ঘটনার জন্য তিনি সরাসরি ‘ক্ষমতাচ্যুত হাসিনার দোসরদের’ দায়ী করেছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক কিংবা আওয়ামী বি টিম হোক—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে, দ্রুত।”

শোভাযাত্রার ঠিক আগ মুহূর্তে মুখাবয়ব পোড়ানোর ঘটনায় শোভাযাত্রার গুরুত্ব আরও বেড়ে গেছে বলেও মন্তব্য করেন ফারুকী। তিনি বলেন, “এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা নয়, বরং এবারের শোভাযাত্রাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবো।”

তিনি আরও বলেন, “হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো, তারা চায় না বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক। কিন্তু আমরা আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ, আরও বেশি মানুষ নিয়ে আমরা অংশ নেব।”

‘ফ্যাসিবাদের মুখাবয়ব রাখা উচিত নয়’—এমন মতও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছিল বলে জানান ফারুকী। তবে ঘটনার পর এই মুখাবয়ব আরও অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, “আমরা সব ধরনের মতামতকে গুরুত্ব দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকনির্দেশনার অপেক্ষায় ছিলাম। কিন্তু গতরাতের ঘটনা আমাদের নিশ্চিত করেছে—এই দানব এবার অবশ্যই শোভাযাত্রায় থাকবে। কারণ জুলাই এখনো শেষ হয়নি, তা চলছে।”

চারুকলায় বর্ষবরণ উৎসব ঘিরে এমন ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সচেতন নাগরিক মহল পর্যন্ত বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

an adbox will go here