নববর্ষে আত্মশুদ্ধির আহ্বান: শায়েখ মুফতি হাফিজুদ্দীন
নিজস্ব প্রতিনিধি:
সোমবার ১লা বৈশাখ ১৪ ৩২ বঙ্গাব্দ |
১৪ এপ্রিল ২০২৫: আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধির নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি বছর, একটি নতুন দিন। এ উপলক্ষে বাংলাদেশ মাদানী মজলিসের সভাপতি শায়েখ মুফতি হাফিজুদ্দীন বলেছেন, “নববর্ষের দিনটি কেবল আনন্দ-উৎসবের উপলক্ষ নয়; বরং একজন মু’মি’নের উচিত—নিজের ভেতরে ফিরে তাকানো: আমি গত বছরে আল্লাহর কতটা কাছাকাছি ছিলাম?”
তিনি বলেন, “সময়ের কুদরতী পালাবদলে অনেক অজানা গুনাহ, অবহেলা ও অবাধ্যতা নিয়ে একটি বছর আমাদের জীবন থেকে ঝরে গেছে। তাই এই নববর্ষে আমরা যেন আল্লাহর দরবারে শির নত করে ইস্তেগফারের চাদরে নিজেকে আবৃত করি এবং অনুশোচিত হৃদয়ে বলি, ‘হে আল্লাহ! আমি অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিন, আমাকে কবুল করে নিন।’”
শায়েখ হাফিজুদ্দীন আরও বলেন, “এই নতুন বছরে যেন আমরা গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, আমল ও ইখলাসপূর্ণ জীবন কাটাতে পারি—এই মর্মে আল্লাহর কাছে তাওফিক প্রার্থনা করা দরকার। কারণ, আল্লাহর তাওফিক ছাড়া সঠিক পথে চলাও অসম্ভব।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “চলুন আমরা গুনাহ থেকে ইবাদতের দিকে ফিরে আসি, অলসতা থেকে আমলের দিকে ফিরে আসি, মানুষ ও রবের মাঝে ভাঙা সম্পর্কের মাঝে নতুন এক ইমানি বন্ধন গড়ার চেষ্টা করি। এই নববর্ষ যেন কেবল একটি তারিখ পাল্টানোর উপলক্ষ না হয়; বরং এটি হয়ে উঠুক জীবন বদলের মোবারক সূচনা। ইস্তেগফার হোক আমাদের প্রতিদিনের অলংকার, আর আল্লাহর সন্তুষ্টি হোক জীবনের একমাত্র কামনা।”