কওমি সনদের বাস্তবায়ন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব : ধর্ম উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ || ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি সনদের বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পড়ে। তবে বিষয়টি নিয়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন এবং সকলেই আশ্বাস দিয়েছেন বলেও জানান।
তিনি বলেন, “এখন আমাদের দেখতে হবে কওমি সনদ ও এর সুবিধা যারা নিতে চান, তারা কতটা প্রস্তুত। তারা চাইলে আমরা দিতে প্রস্তুত আছি।”
এই মন্তব্য তিনি করেন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক আলোচনাসভায়। ‘আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া: জীবন ও কর্ম’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এই সভায় তিনি প্রধান মেহমান হিসেবে বক্তৃতা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি স্যায়িদ আসজাদ মাদানী। সভাপতিত্ব করেন আল্লামা ধুলিয়া (রহ.)-এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “এবারের হজ ব্যবস্থাপনায় খরচ কমেছে, সেবা বাড়ানো হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হাজিদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান এবং মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করে বানিয়াচং উপজেলার আমির আর-রাহমান ফাউন্ডেশন, ধুলিয়া ঘাটুয়া।