ওসি পদে নতুন নীতিমালা: বয়সসীমা ৫৪, দায়িত্ব ৮ বছর, গুরুদণ্ডে অযোগ্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ || পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) পদে নিয়োগের ক্ষেত্রে আসছে কঠোর নীতিমালা। নতুন খসড়া নীতিমালায় বলা হয়েছে, কোনো পুলিশ কর্মকর্তা ৫৪ বছরের বেশি হলে ওসি হিসেবে পদায়ন করা যাবে না। এছাড়া কেউ যদি চাকরিজীবনে তিনটি গুরুদণ্ড পান (যেমন বরখাস্ত, পদাবনতি, বেতন ও পদোন্নতি স্থগিত), তাহলে তিনিও ওসি হওয়ার অযোগ্য হবেন। এমনকি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে একবার গুরুদণ্ড পেলেও ওসি করা হবে না।
ওসি হিসেবে কেউ সর্বোচ্চ চারটি থানা বা আট বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, যেটি আগে ঘটবে। ওসি হওয়ার জন্য প্রার্থীর বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) অন্তত ৮০ নম্বর থাকতে হবে এবং পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (PSMC) সম্পন্ন করতে হবে।
১৬ এপ্রিল বাংলাদেশ পুলিশের পলিসি গ্রুপের সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় প্রস্তাব ছিল ৫২ বছরের বেশি বয়সীদের ওসি না করার, তবে তা বাতিল করে ৫৪ বছর করা হয়। সভায় ওসি পদে ২৮টি এবং পরিদর্শক পদে ২১টি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
পদায়নের জন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি ফিটলিস্ট তৈরি করা হবে। সেখানে অন্তত ছয় সদস্যবিশিষ্ট বোর্ড গঠন করে উপযুক্ত কর্মকর্তাকে নির্বাচিত করা হবে। বোর্ডের সভাপতি হবেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন), সদস্য সচিব হবেন পার্সোনাল ম্যানেজমেন্ট (পিএম-২)।
ওসি হিসেবে ধারাবাহিকভাবে একই থানায় দ্বিতীয়বার দায়িত্ব দেওয়া যাবে না। একই থানায় সর্বোচ্চ তিন বছর এবং ওসি হিসেবে একটানা দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলি বাধ্যতামূলক হবে। যদি দেড় বছরের আগেই বদলি বা প্রত্যাহারের প্রয়োজন হয়, তাহলে পুলিশ সদর দপ্তরের অনুমতি নিতে হবে।
এছাড়া, পরিদর্শক পদে পদোন্নতির পর সংশ্লিষ্ট ইউনিটেই প্রথমে চাকরি করতে হবে। একই জেলায় তিন বছর এবং একই রেঞ্জে ছয় বছরের বেশি চাকরি করা যাবে না। সশস্ত্র, নিরস্ত্র ও ট্রাফিক—সব ধরনের পরিদর্শকের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাসের মো. খালেদ জানান, এই খসড়া নীতিমালার বিষয়গুলো নিয়ে পলিসি গ্রুপে বিস্তারিত আলোচনা হয়েছে। এখনো সিদ্ধান্ত হয়নি, তবে পরবর্তী সভায় বিষয়গুলো চূড়ান্ত হতে পারে।