আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের - দিগন্ত জার্নাল

আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের উদ্ভাবন ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) ৮১তম অধিবেশনে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
অধিবেশনের প্রতিপাদ্য—‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল এবং টেকসই নগর উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা’।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের সংস্কার অভিযাত্রা এবং ‘থ্রি জিরো ভিশন’—অর্থসম্পদের কেন্দ্রীকরণের অবসান, বেকারত্বের অবসান এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য—বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।

সপ্তাহব্যাপী এই সম্মেলন বাংলাদেশের জন্য একটি কৌশলগত মঞ্চ হিসেবে কাজ করছে, যেখানে দেশটি তার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি অংশীদারিত্ব গভীরতর করার সুযোগ পাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

an adbox will go here