আ'লীগ নিষিদ্ধে আরেক জুলাই গড়ে তোলা হবে’ — স্মারকলিপি শিক্ষার্থীদের - দিগন্ত জার্নাল

আ’লীগ নিষিদ্ধে আরেক জুলাই গড়ে তোলা হবে’ — স্মারকলিপি শিক্ষার্থীদের

‘

ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | আগামী ৯০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই গণহত্যার বিচার’, ‘ফ্যাসিবাদী অপরাধের শাস্তি’ এবং ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দল নিষিদ্ধ’ করার দাবি জানিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্মের ব্যানারে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

সোমবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নেন ঢাকা, জগন্নাথ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তোলেন। পাশাপাশি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা এবং ‘জুলাই গণহত্যা’র মতো অভিযোগে দলটির বিচারও দাবি করেন।

পরে শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাদিক আল আরমান ও রাফিদ এম ভুইয়া।

স্মারকলিপি প্রদান শেষে সচিবালয় ফটকে বিকাল ৪টার দিকে সংবাদমাধ্যমের সামনে মুসাদ্দিক বলেন, “আইন উপদেষ্টা নিষিদ্ধ বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাস দেননি। আমরা দ্রুত নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছি। ৫ আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে—আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান প্রয়োজন। আরেক ‘জুলাই’ গড়ে তোলা ছাড়া এই দানবীয় রাজনৈতিক শক্তিকে রুখে দেওয়া সম্ভব নয়। শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, “আইন উপদেষ্টার সঙ্গে সংবিধানের ১৩২ ধারা নিয়ে আলোচনা করেছি। এ ধারা বাতিল বা সংশোধনের জন্য আহ্বান জানিয়েছি, যাতে সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি ও অনুমতি ছাড়া মামলার বাধা না থাকে।”

সাদিক আল আরমান বলেন, “৫ আগস্টের পর আওয়ামী লীগ গর্তে লুকিয়ে ছিল। এখন তারা দেশব্যাপী নিজেদের শক্তি দেখাতে চাইছে। তাই আইন উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধের আইনি ভিত্তি ও পদ্ধতি নিয়ে আলোচনার পাশাপাশি গণচাপ বৃদ্ধির বিষয়টিও বলেছি।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা শিগগিরই সংগঠিতভাবে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবেন এবং ‘আওয়ামী লীগ নিষিদ্ধ’ দাবিকে গণআন্দোলনের রূপ দেবেন।

an adbox will go here